আর্টেমিস মিশনের নভোচারীরা তাদের বহু প্রতীক্ষিত চন্দ্রাভিযানের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। চাঁদকে প্রদক্ষিণ করার সময় চন্দ্রপৃষ্ঠের যে সমস্ত বৈশিষ্ট্য বিশ্লেষণ ও ছবি তোলার পরিকল্পনা রয়েছে, তা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। হিউস্টনের মিশন কন্ট্রোল সেন্টার থেকে কমান্ডার রিড ওয়াইজম্যান জানিয়েছেন, অভিযানের কর্মদিবস শুরুর প্রাক্কালে নভোযানের অভ্যন্তরে সকল নভোচারীর মনোবল অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে।
নাসার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ১ লক্ষ ৬৯ হাজার মাইল দূরে অবস্থান করছিলেন। তাদের অগ্রযাত্রার সময় চাঁদ থেকে তাদের দূরত্ব ছিল ১ লক্ষ ১০ হাজার ৭০০ মাইল। প্রায় ১০ দিনের এই দীর্ঘ যাত্রার পরবর্তী গুরুত্বপূর্ণ পর্যায়টি রবি ও সোমবারের মধ্যবর্তী রাতে সম্পন্ন হবে, যখন নভোচারীরা ‘চাঁদের মহাকর্ষীয় বলয়ে’ (Lunar Sphere of Influence) প্রবেশ করবেন। এই পর্যায়ে মহাকাশযানটির ওপর চাঁদের মধ্যাকর্ষণ শক্তির টান পৃথিবীর চেয়ে বেশি হবে।
সমস্ত পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হলে, ওরিয়ন মহাকাশযান চাঁদকে প্রদক্ষিণ করার সময় নভোচারীরা পৃথিবী থেকে মানুষের সর্বোচ্চ দূরত্বে যাওয়ার ঐতিহাসিক রেকর্ড স্থাপন করতে পারেন। নাসার তথ্যমতে, নভোচারীরা স্ক্র্যাম্বলড এগ এবং কফি দিয়ে তাদের দিন শুরু করেন। ঘুম ভাঙার সময় তাদের জন্য বাজানো হয়েছিল চ্যাপেল রোয়ানের জনপ্রিয় পপ গান ‘পিংক পনি ক্লাব’ ।
এই ঐতিহাসিক চন্দ্রাভিযানে রয়েছেন মার্কিন নাগরিক রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেন। তারা চাঁদের মহাকর্ষ শক্তিকে কাজে লাগিয়ে এর চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসার এক অভাবনীয় যাত্রায় অংশ নিয়েছেন। কমান্ডার ওয়াইজম্যান এই অভিযানকে ‘হারকিউলিয়ান’ বা অতিমানবীয় কাজ হিসেবে অভিহিত করেছেন, যা অর্ধ-শতাব্দীরও বেশি সময় পর মানুষ সম্পাদন করতে চলেছে।
শনিবার পরবর্তী সময়ে, ভিক্টর গ্লোভার গভীর মহাকাশে নভোযানের সক্ষমতা সম্পর্কে নাসাকে আরও তথ্য দেওয়ার লক্ষ্যে হাতে-কলমে (ম্যানুয়াল পাইলটিং) মহড়া দেবেন। এরপর নভোচারীরা চন্দ্রভ্রমণের অভিজ্ঞতা নথিবদ্ধ করার জন্য একটি নির্দিষ্ট ‘চেকলিস্ট’ পর্যালোচনা করবেন। নভোচারীদের প্রাচীন লাভা প্রবাহ এবং উল্কাপাতের ফলে সৃষ্ট গর্তের ছবি তোলা ও তা বর্ণনা করার জন্য বিশেষ ভূতাত্ত্বিক প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























