চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাটে ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। এই উদ্যোগটি প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো উন্নয়নের প্রয়োজনে কাটা গাছের ঘাটতি পূরণ করা এবং পরিবেশের ভারসাম্য পুনরুদ্ধার করা। উদ্বোধনের প্রথম দিনেই পার্কজুড়ে ৫৪ প্রজাতির প্রায় ২ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ডিসি পার্ককে একটি আধুনিক, নান্দনিক ও পরিবেশবান্ধব পার্কে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। পার্কজুড়ে সোনালু ও কৃষ্ণচূড়া গাছ লাগানো হবে, যা উপর থেকে ড্রোনে ধারণ করা দৃশ্যেও পার্কের বিশেষ নকশা ও সৌন্দর্য ফুটিয়ে তুলবে। ফুল ফোটার মৌসুমে পুরো এলাকা মনোমুগ্ধকর পরিবেশে রূপ নেবে। এছাড়াও, পার্কের উত্তর পাশে একটি বৃহৎ ফলজ বাগান গড়ে তোলা হবে যেখানে বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রোপণ করা হবে, যা ভবিষ্যতে পাখির নিরাপদ অভয়ারণ্য হিসেবেও কাজ করবে। আগামী পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান ডিসি হিলের পরিবর্তে ডিসি পার্কে আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























