রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৩৮ জন প্রাণ হারিয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৪৯ জন রোগী। মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত মোট ৩৭৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া নওগাঁ, নাটোর, পাবনাসহ পার্শ্ববর্তী খুলনা ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকেও রোগীরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন।
রোগীর ক্রমবর্ধমান চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ডা. শংকর কে বিশ্বাস আরও বলেন, আক্রান্তের সংখ্যা যদি এভাবে বাড়তে থাকে তবে আইসোলেশন ওয়ার্ডের সক্ষমতা আরও বাড়ানো হবে। চিকিৎসকরা আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নিয়ে আসার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
রিপোর্টারের নাম 
























