কুমিল্লায় এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিন ঘণ্টা দেরিতে উপস্থিত হয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার সকাল ৯টায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মন্ত্রী দুপুর ১২টায় সভাস্থলে পৌঁছান। এতে কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং কেন্দ্র সচিবরা দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চরম ভোগান্তির শিকার হন।
সভায় অংশ নিতে নোয়াখালীসহ বিভিন্ন দূরদূরান্ত থেকে আসা শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, সকাল সাড়ে ৮টা থেকে তারা সভাস্থলে উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় পর মন্ত্রী এলেও আয়োজকদের পক্ষ থেকে সামান্য খাবার দিয়ে দায় সারা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রধান শিক্ষক সময়ের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, দায়িত্বশীল ব্যক্তিদের সময়ের ব্যাপারে আরও সচেতন হওয়া প্রয়োজন।
সূত্র মতে, সভায় আসার পথে শিক্ষামন্ত্রী একটি শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে যাওয়ায় এই বিলম্ব ঘটে। তবে মন্ত্রীর এপিএস দেওয়ান জানিয়েছেন, সড়কে যানজটের কারণে নির্ধারিত সময়ে পৌঁছানো সম্ভব হয়নি।
রিপোর্টারের নাম 
























