সুনামগঞ্জসহ অন্যান্য হাওর অঞ্চলের কৃষকদের বাঁচাতে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের কৃতী সন্তান মোহাম্মদ শিশির মনির।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে হাওর ঘুরে দেখে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। চিঠিতে তিনি লিখেন, ‘আমি জানি না এই চিঠি আপনার দৃষ্টিগোচর হবে কি না! তথাপি বুক ভরা আশা নিয়ে আপনাকে লিখছি। আমরা হাওরপাড়ের মানুষ। একটি মাত্র ফসলই আমাদের জীবন। সেই ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সমাধানের জন্য অনেকেই সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। আপনার সময় অনেক মূল্যবান, অনেক ব্যস্ত আপনি, অনেক কাজ আপনার হাতে। তবু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সুনামগঞ্জ-হবিগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোনাসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ দরকার।
তিনি আরও অনুরোধ করেন, ‘প্রধানমন্ত্রী কষ্ট করে হেলিকপ্টারে একবার ঘুরে আসতে পারেন। দরকার মনে করলে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের কাজে লাগাতে পারেন। নিশ্চয়ই আপনার প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে। আপনার শাসনামলে খাল খনন কর্মসূচি শুরু করছেন। আপনার বাবাও এই কাজের মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন। আমাদের এলাকায় [দিরাই-শাল্লা] বেশি করে খাল খনন দরকার। অপরিকল্পিত বাঁধ অনেক ক্ষতি করছে। আমি আশা করি আপনি পারবেন ইনশাআল্লাহ।’
রিপোর্টারের নাম 

























