ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে মজুত করা ৫ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলার পূর্বভাগ নতুন বাজারে একটি গুদামে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বভাগ নতুন বাজারের সেলিম স্টোরে অভিযান চালানো হয়। সেখানে ৩২টি ড্রামে অবৈধভাবে মজুত করা অবস্থায় এই ডিজেল পাওয়া যায়। অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে অভিযুক্ত ব্যবসায়ী মো. ফয়সালকে পেট্রোলিয়াম আইন অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ জানান, জব্দ করা ডিজেল স্থানীয়দের চাহিদার প্রেক্ষিতে সরকারি নির্ধারিত দামে খোলা বাজারে বিক্রি করা হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের এই সময়ে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
রিপোর্টারের নাম 



















