কুমিল্লার হোমনা থেকে একটি বিদেশি পিস্তল এবং এক রাউন্ড গুলিসহ মনির হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মনির হোসেন দুর্গাপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিস জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পিস্তলটিতে ‘মেইড ইন ইউএসএ’ লেখা রয়েছে।
এ বিষয়ে হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) দীনেশ চন্দ্র দাস গুপ্ত জানান, আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















