গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অবৈধভাবে ডিজেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের মেসার্স কালিপদ সাহা এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিশ্বজিৎ সাহা ও গোবিন্দ সাহাকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। তিনি জানান, পাটগাতী বাজারে ওই প্রতিষ্ঠানটি অবৈধভাবে ৪ হাজার ৫শ’ লিটার ডিজেল মজুত করে রেখেছিল এবং তা অতিরিক্ত দামে বিক্রি করছিল। এই অনিয়মের জন্য তাদের এই জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আরও নির্দেশ দেন যে, মজুতকৃত ডিজেল প্রত্যেক ক্রেতাকে সর্বোচ্চ ৫ লিটার করে বিক্রি করতে হবে, যাতে তা জনসাধারণের মধ্যে সমভাবে বণ্টিত হতে পারে। এই অভিযানটি কালোবাজারি রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















