জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। বুধবার বিকেলে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্বে সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী।
প্রশ্নোত্তর পর্বের শুরুতে প্রধানমন্ত্রী সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের ভোটারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, যারা তাকে নির্বাচিত করেছেন এবং যারা করেননি, সকলের কাছে তিনি জনপ্রতিনিধি হিসেবে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দেন যে, দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
বিএনপি দলীয় সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের (পটুয়াখালী-৪) এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ দেশের অর্থনীতিকে আরও সচল করবে। তিনি আরও উল্লেখ করেন যে, চলতি অর্থ বছরের শেষ তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনা হবে। বর্তমানে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি চালু হয়েছে, যেখানে ৩৭ হাজার ৮১৪ জন নারী-প্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। আগামী চার বছরে চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ফ্যামিলি কার্ড’ পরিবারের সম্পদের উপর নারীর নিয়ন্ত্রণ বৃদ্ধি করবে। এই কার্ড সরাসরি নারী প্রধানের হাতে যাওয়ায় পরিবারে খাদ্য, পুষ্টি, চিকিৎসা ও শিক্ষায় এর ব্যয় নিশ্চিত হবে। পাশাপাশি, এটি পরিবারে নারী প্রধানের সিদ্ধান্ত গ্রহণ এবং মর্যাদা বৃদ্ধিতেও সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 

























