কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে দুই বোনের এমন মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বুধবার দুপুরে উপজেলার উপকূলীয় চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার চারাবটতলী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো বকেয়া মণি (৮) এবং হুরিফা জান্নাত (৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন ছিল। হুরিফা জান্নাত চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার চারাবটতলী গ্রামের মিরাজ উদ্দিনের মেয়ে এবং মণি ডুলাহাজারা ইউনিয়নের রিংভং গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় দুই বোন পুকুরের পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের দেখতে না পেয়ে স্বজনরা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানিয়েছেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফনের অনুমতি দিয়ে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























