বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় নগদ ক্রয় চুক্তির অধীনে ৬১ হাজার টন গম নিয়ে আসা জাহাজ ‘এমভি এম পি আলট্রা ম্যাক্স ২’ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে, সরকার টু সরকার (জি টু জি) চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় চালানে ৬২ হাজার ১৫০ টন গম দেশে পৌঁছেছিল। বর্তমানে বন্দরে আসা জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মোট ৬১ হাজার টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন চট্টগ্রামে এবং বাকি ৩১ হাজার ৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে জি টু জি ভিত্তিতে গম আমদানি শুরু করেছে এবং জি টু জি ০১ ও ০২ চুক্তির আওতায় আমদানিকৃত সকল গম দেশে এসে পৌঁছেছে।
উল্লেখ্য, জি টু জি ০১ চুক্তি অনুযায়ী ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন এবং জি টু জি ০২ চুক্তি অনুযায়ী ২ লাখ ৩০ হাজার ৩৯ টন, সর্বমোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ টন গম দেশে এসেছে। দেশে বার্ষিক গমের চাহিদা প্রায় ৭০ লাখ টন, যেখানে উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। এই ঘাটতি পূরণের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে গম আমদানি করা হয়।
রিপোর্টারের নাম 
























