দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সকল শিক্ষক-কর্মচারীকে একটি একক সফটওয়্যারের আওতায় এনে বদলির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। এই সিদ্ধান্তের ফলে বদলি সফটওয়্যারে প্রয়োজনীয় আপডেট আনা হবে এবং সংশোধিত বদলি নীতিমালা দ্রুত প্রকাশ করা হবে।
বুধবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় যুগ্মসচিব, উপসচিবসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক এবং টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং অন্যান্য কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসার কারণে নতুন করে চুক্তি করার প্রয়োজন হবে। নিয়ম অনুযায়ী এই চুক্তি সম্পন্ন করার পরই বদলি প্রক্রিয়া কার্যকর হবে।
নতুন এই সংযোজনের কারণে সফটওয়্যারেও ব্যাপক পরিবর্তন আনতে হবে। ভেন্ডর প্রতিষ্ঠান এই আপডেটের জন্য প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা অতিরিক্ত অর্থ দাবি করেছে। নতুন চুক্তি সম্পন্ন হওয়ার পর সফটওয়্যার আপডেট করা হবে এবং সংশোধিত বদলি নীতিমালা জারির পরই এই প্রক্রিয়া পুরোপুরি চালু হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
রিপোর্টারের নাম 
























