অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও অর্জনের যথাযথ স্বীকৃতি কেবল তাদের সাফল্যকেই সম্মানিত করে না, বরং তাদের অন্তর্নিহিত আত্মবিশ্বাসকে বহুগুণে বৃদ্ধি করে। যখন একজন শিক্ষার্থী তার পরিশ্রমের মূল্যায়ন পায়, তখন তার মধ্যে নতুন উদ্যম, লক্ষ্যপূরণের দৃঢ়তা এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস তৈরি হয়। এই স্বীকৃতি তাদের চিন্তাশক্তিকে বিকশিত করে, সৃজনশীলতাকে উৎসাহিত করে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিকভাবে প্রস্তুত করে তোলে।
রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। আল ফাতাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ড. খালিদ হোসেন মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আরবি, ইংরেজি এবং মাতৃভাষা বাংলায় দক্ষতা অর্জন করে বিশ্ব দরবারে নিজেদের মেধার জানান দিতে হবে। যোগ্য ব্যক্তিরা কখনো বেকার থাকে না, কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারলে জাতি অবশ্যই তাদের খুঁজে নেবে।
অনুষ্ঠানে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া-এর ২০২৬ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস পরীক্ষায় দেশসেরা ৩ জন ছাত্র ও ৩ জন ছাত্রীকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। এছাড়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কেন্দ্রীয় পরীক্ষার আওতাধীন বিভিন্ন বিভাগের দেশসেরা মোট ১৮ জন ছাত্র ও ১৫ জন ছাত্রীকে এককালীন মেধাবৃত্তি প্রদান করা হয়। মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ‘শিক্ষাবৃত্তি ২০২৫’ বিতরণ করা হয়, যেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ৪০ হাজার, ২৫ হাজার ও ২০ হাজার টাকা এবং অবশিষ্ট ২৭ জন বিজয়ীকে প্রত্যেককে ২৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
রিপোর্টারের নাম 
























