বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ-এর মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে উভয় দেশ হজ ও উমরাহ সংক্রান্ত সেবাসমূহ উন্নত করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছে।
সোমবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল ১১টায় মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই বৈঠকটি বাংলাদেশিদের জন্য হজ ও উমরাহ পরিষেবাগুলিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে সৌদি হজ ব্যবস্থাপনার উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। তিনি প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণের প্রশংসা করে সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
বাংলাদেশের ধর্মমন্ত্রী উভয় দেশের মধ্যেকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক পারস্পরিক আস্থা এবং অভিন্ন ধর্মীয় বন্ধনে আবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং হজ-উমরাহসহ ধর্মীয় ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
বৈঠকে যোগদানের জন্য কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পৌঁছালে বাংলাদেশের ধর্মমন্ত্রীকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বাগত জানায়। ধর্মমন্ত্রী বাংলাদেশের হজ ও উমরাহ যাত্রীদের কল্যাণে একটি লিখিত প্রস্তাবনা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
আলোচনার শেষে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে একটি সৌজন্য উপহার প্রদান করেন ধর্মমন্ত্রী। সৌদি হজ ও উমরাহ মন্ত্রীও বাংলাদেশের ধর্মমন্ত্রীকে একটি শুভেচ্ছা উপহার প্রদান করেন। এই বৈঠকে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার (আইসিডি) ড. আল হাসান ইয়াহিয়া আল মানখারা, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম এবং জেদ্দায় বাংলাদ-এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























