রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে মো. রিপন (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানিয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ফেসবুকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি করে আসছিল। এই ভুয়া আইডি ব্যবহার করে তারা বিভ্রান্তিকর পোস্ট দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করত। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবির একটি টিম সোমবার (৩০ মার্চ) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে শাহবাগ থানার পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে অভিযান চালিয়ে মো. রিপনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে “Doctor. Ayesha Khatun”নামে একটি ভুয়া ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। এই আইডিটি ব্যবহার করে আইজিপি মহোদয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি দিয়ে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে প্রতারণা চালানো হচ্ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রিপন জানায়, সে তার সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এই প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। আটক রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 
























