পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কলকতি গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
শুক্রবার (২৭ মার্চ) রাত প্রায় সাড়ে ৮টার দিকে নাটোরের বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা সিসিডিবি ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ইন্দ্রজিৎ গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, দু-তিন দিন আগে আব্দুল আজিজ তার সহকর্মী সিসিডিবি ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ইন্দ্রজিতের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার সেখান থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কে পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়, যার ফলে দুজনেই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন এবং ইন্দ্রজিৎকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির সাংবাদিকদের জানিয়েছেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনপি নেতা আব্দুল আজিজের এই মর্মান্তিক মৃত্যুতে ভাঙ্গুড়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা বিএনপি’র পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























