কুমিল্লার চান্দিনা উপজেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রেতা ও সেবনকারীসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
চান্দিনা থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা ও গাঁজাসহ মাদকদ্রব্য এবং সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে সাজ্জাদ হোসেন ও শরিফুল ইসলামকে ইয়াবা সেবন ও হেফাজতে রাখার দায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং একদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া, মো. দিহানকে ১৫ দিন, লিটন ও মানিক ভান্ডারীকে এক মাস, এবং সাকিলকে তিন মাসের কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, সোহেল ও রাছেলকে পাঁচ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পৃথক এক ঘটনায়, পৌরসভা এলাকায় জনবিরক্তি সৃষ্টির অভিযোগে আরিফ হোসেন (২৬) কে ৩৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 

























