পেট্রোল মজুদ করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জ সদরে মো. আপন (১৯) নামে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে তার কাছ থেকে ২২ লিটার পেট্রোল ও মবিল জব্দ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার পাঁচঠাকুরি বাজারে অবস্থিত মেসার্স আপন এন্টারপ্রাইজ নামের সার বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে পেট্রোল ও মবিল মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন জানান, অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে পেট্রোল ও মবিল মজুদের বিষয়টি প্রমাণিত হয়। অভিযুক্ত আপন দোষ স্বীকার করায় তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬–এর ২০(১)(ক) ধারায় এই দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটি থেকে জব্দ করা পেট্রোল ও মবিল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 

























