ইরানে সামরিক অভিযান শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তারা একটি সম্ভাব্য যুদ্ধ শুরুর বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করেন। তবে, ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সুযোগের প্রলোভন দেখিয়ে ট্রাম্পকে এই উদ্যোগে রাজি করানোর চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, ট্রাম্প ও নেতানিয়াহু উভয়েই জানতেন যে খামেনি এবং তার শীর্ষ সহযোগীরা শীঘ্রই তেহরানে একটি বৈঠকে মিলিত হবেন। নতুন গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিয়েছিল যে বৈঠকটি পূর্বনির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আনা হয়েছে। এই ফোনালাপের বিষয়টি আগে কখনও প্রকাশিত হয়নি। সূত্রগুলো আরও জানায়, নেতানিয়াহু কয়েক দশক ধরে যে অভিযানের জন্য চেষ্টা চালিয়ে আসছিলেন, তা বাস্তবায়নের জন্য তিনি মরিয়া ছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে খামেনিকে হত্যার এবং ইরানের অতীতের প্রতিশোধ নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না।
২০২৪ সালে ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী থাকাকালীন সময়ে ইরান যে যুক্তরাষ্ট্রে হামলার ষড়যন্ত্র করেছিল, সে বিষয়েও তথ্য ছিল। এই স্পর্শকাতর আলোচনার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, ফোনালাপের সময় ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ধারণার প্রতি ইতিবাচক ছিলেন, তবে যুক্তরাষ্ট্র কখন এবং কোন পরিস্থিতিতে সরাসরি যুক্ত হবে তা তখনও নির্ধারণ করেননি। এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন সামরিক বাহিনী এই অঞ্চলে তাদের উপস্থিতি বাড়িয়েছিল এবং প্রশাসনের অনেকেই মনে করেছিলেন যে প্রেসিডেন্ট হয়তো যেকোনো সময় অভিযানের সবুজ সংকেত দেবেন।
ফোনালাপের বিষয়ে অবগত তিনটি সূত্র বিশ্বাস করে যে, এই কথোপকথন এবং ইরানের নেতাকে হত্যার সুযোগ হাতছাড়া হওয়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ২৭ ফেব্রুয়ারি ট্রাম্প সামরিক বাহিনীকে ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে এগিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছিল। নেতানিয়াহুর যুক্তি ট্রাম্পকে কতটা প্রভাবিত করেছিল তা রয়টার্স নিশ্চিত করতে পারেনি, তবে এটি ছিল মার্কিন প্রেসিডেন্টের কাছে ইসরাইলি নেতার চূড়ান্ত উপস্থাপনা।
রিপোর্টারের নাম 






















