কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্ট সংলগ্ন একটি পেট্রল পাম্পে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও তাণ্ডব চালানোর অভিযোগে ইটভাটা মালিক শফিউল আজম ওরফে বিকে আজমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে রামু এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ইটভাটা মালিক বিকে আজম আওয়ামী লীগ সরকারের আমলে কৌশলে একটি শর্টগানের লাইসেন্স পেয়েছিলেন। পুলিশ তার ব্যবহৃত শর্টগানটি জব্দ করেছে। গত মঙ্গলবার তিনি পেট্রল পাম্পে এসে নির্ধারিত বরাদ্দের বাইরে অতিরিক্ত জ্বালানি তেল দাবি করেন। পাম্প ম্যানেজার নুরুল হক সরকারি নির্দেশনা অনুযায়ী রেশনিং পদ্ধতির বাইরে তেল দিতে অপারগতা প্রকাশ করলে বিকে আজম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং শর্টগান উঁচিয়ে ম্যানেজারকে হুমকি দিয়ে পাম্পে তাণ্ডব চালান।
এ ঘটনায় পাম্প ম্যানেজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, অস্ত্র উঁচিয়ে তাণ্ডব চালানোর ঘটনাটি গণমাধ্যমে প্রচার হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























