সরকার ও বেসরকারি খাতের উদ্যোক্তারা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশ ও মানুষের জন্য কাজ করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব। তিনি উল্লেখ করেন, সরকার দেশের অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো গভীরভাবে উপলব্ধি করছে এবং ব্যবসায়ীরাও তা অনুধাবন করছেন। এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ বিষয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, বর্তমান সরকারের বয়স এখনো ছয় মাস হয়নি, এর মধ্যেই কয়েকবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, প্রথমবার উদ্যোক্তাদের সঙ্গেই বসেছিলেন এবং পরে ফোরামের সঙ্গেও আলোচনা করেছেন। বিভিন্ন খাতের সমস্যাগুলো চিহ্নিত করে সরকার সেগুলোর সমাধানে কাজ করছে।
আগের বৈঠকের আলোচনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা যেসব সমস্যার কথা তুলে ধরেছিলেন, সেগুলোর অনেকগুলোরই সমাধান হয়েছে। আজকের বৈঠকেও নতুন করে বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে এবং সেগুলো নিয়েও কাজ করা হবে। তিনি জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবে সরকার। তারেক রহমান বলেন, যত বেশি আলোচনা হবে, তত বেশি সমস্যা জানা যাবে এবং সেগুলোর সমাধান করা সহজ হবে।
বৈঠকে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তারা সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে চলমান কার্যক্রমের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 




















