মৌলভীবাজারের বড়লেখায় মর্মান্তিক এক দুর্ঘটনায় চলন্ত সিএনজি চালিত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালক এবং নিহত নারীর স্বামী গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুন নেছা (৫০) উপজেলার সুড়িকান্দি গ্রামের জমির উদ্দিনের স্ত্রী। স্থানীয়দের তথ্যমতে, সকালে দাসেরবাজারের দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। বারইগ্রাম এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা একটি মরা গাছ হঠাৎ ভেঙে অটোরিকশাটির ওপর পড়ে। এতে অটোরিকশার চালক, যাত্রী আজিজুন নেছা এবং তার স্বামী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজিজুন নেছাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালক ও নিহতের স্বামীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ জানান, অটোরিকশায় গাছ পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান এবং তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 

























