দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানগুলোতে ডিজিটাল সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সৈয়দপুর বিমানবন্দরে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। সোমবার রাতে দিনাজপুর সফর শেষে ঢাকা ফেরার পথে নীলফামারীর এই বিমানবন্দরে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে প্রধানমন্ত্রী এই প্রযুক্তিনির্ভর সেবার সূচনা করেন। সরকারের এই উদ্যোগের আওতায় পর্যায়ক্রমে দেশের সব বিমানবন্দর এবং জনবহুল স্থাপনাগুলোকে ইন্টারনেটের আওতায় আনা হবে। মূলত নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই রেলওয়ে স্টেশন ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ‘বিনামূল্যে পাবলিক ইন্টারনেট’ সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
এর আগে ঢাকা, কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল স্টেশনে এই সেবা চালু করা হয়েছে। এই সুবিধার ফলে যাত্রীরা এখন থেকে সহজেই ভ্রমণ সংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং অনলাইন যোগাযোগ রক্ষা করতে পারবেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় সারা দেশে এই প্রযুক্তিগত সম্প্রসারণ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























