বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেছেন, মিথ্যা অপবাদ দেওয়া এবং ভোটে কারচুপি করা— দুটোই মহাপাপ। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রমনা থানা বিএনপি আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
নিজের নির্বাচনি প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এনসিপি নেতাদের ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, “মুরুব্বিরা সবসময় মিথ্যা থেকে দূরে থাকতে শেখান। মিথ্যা বলা মহাপাপ। আর একটি মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে হেয় করা আরও জঘন্য পাপ। দয়া করে আপনারা এই ধরনের পাপ কাজ থেকে নিজেদের বিরত রাখুন এবং আমাদেরও এর থেকে দূরে রাখুন।”
ঢাকা-৮ আসনের সাবেক এই সংসদ সদস্য নিজের এলাকায় পরাজয়কে ‘অবিশ্বাস্য’ উল্লেখ করে বলেন, “আমার এলাকায় ভোট কারচুপি না হলে তারা এত ভোট পেতে পারে না। ঢাকা-৮ আসনের কোনো ওয়ার্ডে আপনার কোনো আত্মীয় আছে, যিনি আপনাকে ভোট দিয়েছেন, তা আপনি বলতে পারবেন না। কিন্তু আমি মির্জা আব্বাস, নাম ধরে বলতে পারব কারা আমাকে ভোট দিয়েছেন।” তিনি আরও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “আপনি কসম খেয়ে বলুন, এতগুলো ভোট আপনি সিল মেরে নিয়েছেন, নাকি আকাশ থেকে এসেছে?”
বিএনপির এই নেতা অভিযোগ করেন, “আমরা রাতের বেলায় কয়েকটি স্কুলে ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করেছি। অন্যথায় সব কেন্দ্র সিল মেরে নেওয়া হতো।” তিনি আরও বলেন, “অদ্ভুত কায়দায় নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে এবং এর দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা চলছে।”
মির্জা আব্বাস দৃঢ় কণ্ঠে বলেন, “আমার এলাকায় হারার কোনো ইতিহাস নেই। আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়নি, তা সবাই জানে। আমার কত ভোট, সেটা দেখার বিষয় নয়। এ এলাকায় আমার অসংখ্য বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন আছেন, তাই আমার ভোটের অভাব নেই।” তিনি প্রশ্ন তোলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে আপনারা এত ভোট কিভাবে পেলেন? এটি আজ জাতির সামনে আমার প্রশ্ন। আমি প্রমাণ করতে পারব আপনারা কারচুপি করেছেন।”
রমনা থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ শামীম হোসেনের পরিচালনায় এই ইফতার মাহফিলে মহানগর ও স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























