সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার সহজ করতে একটি নতুন ডেটাবেজ তৈরির পাশাপাশি কার্ডভিত্তিক বিশেষ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, প্রতিটি মিডিয়া হাউসকে লক্ষ্য করে এক বা একাধিক কার্ডের মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে। সোমবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা জানান।
মন্ত্রী জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন, অন্যায়ভাবে কেউ বাদ পড়লে নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানকে টার্গেট করে এক বা একাধিক কার্ডের মাধ্যমে প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। এতে একদিকে যেমন চাপ কমবে, অন্যদিকে প্রতিটি মিডিয়া হাউস থেকে কতজন প্রবেশ করছেন, তার একটি ডেটাবেজ সংরক্ষণ করা সরকারের জন্য সহজ হবে।
সচিবালয়স্থ গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলায় দুটি প্রধান পরিকল্পনার কথা জানান: একটি হলো সাংবাদিকদের জন্য বর্তমান সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অন্যটি হলো প্রবেশাধিকার প্রক্রিয়াকে সহজ করা। বিএসআরএফের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম কর্মীরা সচিবালয়স্থ পুরো অংশটিই ব্যবহার করতে পারবেন। সাংবাদিকদের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে সুযোগ-সুবিধা ও লেআউট তৈরি করা হবে, যাতে তাদের চাহিদা অনুযায়ী আভ্যন্তরীণ ব্যবস্থা নিশ্চিত করা যায়।
গণমাধ্যম কর্মীদের সচিবালয়ে প্রবেশাধিকার সহজ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথাও জানান তথ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সম্প্রতি অগ্নিসংযোগের ঘটনার পর প্রধান উপদেষ্টার তরফ থেকে একটি নীতি আসে এবং অ্যাক্সেস পাসের শর্ত আরোপ করা হয়, যা এখনো বহাল আছে। তবে সাংবাদিকদের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ লক্ষ্যে গণমাধ্যম থেকে দুই-তিনজন প্রতিনিধি নিয়ে পরামর্শ সভা করার কথাও বলেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, সরকার হিসেবে সকলের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। প্রতিটি গণমাধ্যম যদি সচিবালয়ের জন্য নির্দিষ্ট প্রতিনিধি পাঠায় এবং প্রবেশাধিকার মিডিয়া হাউসের মাধ্যমে সুসংহত করা হয়, তাহলে একদিকে যেমন অনাবশ্যক চাপ কমবে, অন্যদিকে শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালনের জন্যই যেন সংশ্লিষ্টরা প্রবেশাধিকার পান, তা নিশ্চিত করা যাবে।
রিপোর্টারের নাম 






















