মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র সংঘাতের জেরে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি নাগরিক, আহত হয়েছেন আরও সাতজন। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের একটি জাহাজ। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বসবাসরত লাখ লাখ বাংলাদেশির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মর্মান্তিকভাবে দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও সাতজন।
নিহতদের মধ্যে একজন হলেন সিলেটের বড়লেখার সালেহ আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বাণিজ্যিক ফ্লাইট পুনরায় শুরু হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার সব রকম সহায়তা দিচ্ছে।
এছাড়াও বাহরাইনে আরও একজন বাংলাদেশি নাগরিক নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। মানামায় অবস্থিত বাংলাদেশ মিশন এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
কুয়েতেও ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বেসামরিক বিমানবন্দরের আশপাশে সংঘটিত এই হামলায় আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।
এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘বাংলার জয়যাত্রা’ নামের একটি জাহাজ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে। তবে জাহাজের সব ক্রু সদস্য নিরাপদে আছেন বলে দূতাবাস জানিয়েছে। দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করছে এবং ঘটনাবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে বসবাসকারী ৬০ লাখেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে আমাদের নাগরিকদের সতর্ক থাকার জন্য এবং স্বাগতিক সরকারের জারি করা নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার জন্য যথাযথ পরামর্শ জারির নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 



















