জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসানকে (হাসান শিপলু) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটবে) মোস্তফা জুলফিকার হাসান এই পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন। তাকে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের প্রধান শর্ত হলো, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে তার বর্তমান কর্ম-সম্পর্ক সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। এছাড়া, এ নিয়োগের অন্যান্য শর্তাবলী একটি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
উল্লেখ্য, সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ডেপুটি হেড অব নিউজ হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন।
রিপোর্টারের নাম 



















