চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম এবং তার স্ত্রী মোসা. ইসমাত আরা বেগমের আয়কর সংক্রান্ত নথি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ জারি করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান আদালত বরাবর পৃথক দুটি আবেদন দাখিল করেন। আবেদনে সাবেক সংসদ সদস্য দিদারুল আলমের বিরুদ্ধে ১৩ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩০৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। একইসাথে, তার নামে থাকা ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৯৪৮ কোটি ৮৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন ও অর্থ স্থানান্তরের বিষয়টিও তদন্তাধীন রয়েছে।
অন্যদিকে, দিদারুল আলমের স্ত্রী ইসমাত আরা বেগমের বিরুদ্ধে ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত এই দম্পতির আয়কর রিটার্ন এবং সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র জব্দ করা অত্যন্ত জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত তাদের আয়কর নথি জব্দের এই আদেশ প্রদান করেন।
রিপোর্টারের নাম 
























