সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকে থাকা জাতীয় পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র ৩১ জন নাবিককে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে সরকার। চলমান বৈশ্বিক অস্থিরতার মাঝেও এই নাবিকদের সাহসিকতা ও পেশাদারিত্বকে দেশের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (২ মার্চ) এক ভিডিও বার্তায় মন্ত্রী জানান, কাতার থেকে স্টিল কার্গো নিয়ে জেবেল আলী বন্দরে অবস্থানরত এমভি বাংলার জয়যাত্রার নাবিকরা প্রতিকূল পরিবেশেও নিজ দায়িত্ব পালনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। তাঁদের এই ধৈর্য, অদম্য সাহস এবং পেশাদারিত্ব বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই সংকটময় পরিস্থিতি দ্রুত কেটে যাবে এবং নাবিকেরা নিরাপদে তাঁদের দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারবেন। জাতীয় অর্থনীতিতে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, সরকারের কাছে তাঁদের এই ভূমিকা অত্যন্ত মূল্যবান।
নাবিকদের পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং এই কঠিন সময়ে তারা পাশে আছে বলে মন্ত্রী জানান। প্রধানমন্ত্রী নিজে বিষয়টি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে।
এদিকে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) জাহাজটির সঙ্গে নিয়মিত ভার্চুয়াল যোগাযোগ রক্ষা করে চলেছে। নাবিক ও তাদের পরিবারের সদস্যদের সহায়তার জন্য চট্টগ্রামে বিএসসি সদর দপ্তরে একটি বিশেষ ‘কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে। নাবিকদের মনোবল চাঙ্গা রাখতে জাহাজে উন্নতমানের খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিকভাবে পরিস্থিতি তদারকি করছে। এছাড়াও, প্রয়োজনে স্থানীয় এজেন্ট ও প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
ভিডিও বার্তায় নাবিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “আপনারা মনোবল হারাবেন না। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন আপনাদের পাশে আছে এবং সবসময় থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সংকট উত্তরণে সক্ষম হব।”
বর্তমান পরিস্থিতিতে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মনোবল অক্ষুণ্ণ রাখাই সরকারের প্রধান অগ্রাধিকার বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 





















