পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার বিকেলে শিবগঞ্জ বাজার এলাকায় পরিচালিত এই অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। প্রশাসন সূত্রে জানা গেছে, মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শিবগঞ্জ বাজারের বিভিন্ন পয়েন্টে তদারকি চালানো হয়। এ সময় তিনটি ফলের দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না থাকায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামক একটি খাবার দোকানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ সাংবাদিকদের জানান, রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য পায়, তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। তিনি আরও বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমাদের এই তদারকি কার্যক্রম পুরো মাসজুড়ে অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের অবশ্যই আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে; জনস্বার্থবিরোধী কোনো অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
রিপোর্টারের নাম 

























