জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করা না হলে বর্তমান সংসদের কোনো মূল্য থাকবে না। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়া ও ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে এবং গণরায় উপেক্ষা করে সংস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া এবং ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি করা হয়েছে। এরপরও আমরা গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি এবং সামনের দিকে এগিয়েছি। আমরা জাতীয় সংসদকে কার্যকর করার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে শপথগ্রহণ করেছি।
নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় সংসদ ও মন্ত্রিসভার শপথগ্রহণের দিনই বাংলাদেশের জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। বিশেষ করে যারা সংস্কারের জন্য প্রত্যাশী ছিলেন এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছিলেন, তাদের সঙ্গে এই প্রতারণা করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল।
এনসিপি আহ্বায়ক দাবি করেন, “আমরা মনে করি, এটি সংস্কারের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গেও প্রতারণা করা হয়েছে। গণভোটে যে গণরায় এসেছিল, তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।”
তিনি দ্রুততম সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়ে বলেন, “সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই জাতীয় সংসদের কোনো মূল্যই নেই।”
রিপোর্টারের নাম 

























