সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট প্রকল্প রমজান মাসেই চালু হতে যাচ্ছে। আসন্ন ঈদুল ফিতরের আগেই এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ফ্যামিলি কার্ডের বিষয়টি নির্বাচনী ইশতেহারে বিস্তারিত উল্লেখ আছে এবং এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। তিনি জানান, এই কার্ড বিতরণে প্রাথমিকভাবে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা না থাকলেও একটি কমিটি কাজ করবে। কমিটি প্রথমে হতদরিদ্র, এরপর দরিদ্র এবং পরবর্তীতে মধ্যবিত্তদের এই কার্ডের আওতায় আনার বিষয়ে সুপারিশ করবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী নিশ্চিত করেন যে, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী চান অন্তত ঈদের আগেই পরীক্ষামূলকভাবে এটি শুরু হোক।”
ফ্যামিলি কার্ড আগামী অর্থবছরে চালু না হলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সিপিবি’র মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “এটি অবশ্যই চালু হবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। আমরা কেবল এর কার্যক্রমের পদ্ধতি নিয়ে আলোচনা করছি, যাতে এটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়।”
রিপোর্টারের নাম 

























