নরওয়ের অখ্যাত ক্লাব বোদো/গ্লিম্ট আবারও ইউরোপীয় ফুটবলে নিজেদের ছাপ রাখলো। উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে ইতালির শীর্ষস্থানীয় ক্লাব ইন্টার মিলানকে ৩-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করেছে তারা। এই অপ্রত্যাশিত জয় ইউরোপিয়ান ফুটবলে নরওয়েজীয় ক্লাবটির উত্থানকে নতুন করে আলোচনায় এনেছে।
এই জয়ের মধ্য দিয়ে বোদো/গ্লিম্ট ১৯৯৬ সালের রোজেনবর্গের পর দ্বিতীয় নরওয়েজীয় ক্লাব হিসেবে কোনো ইতালীয় ক্লাবকে ইউরোপীয় প্রতিযোগিতায় হারাল। ম্যাচের মূল নায়ক ছিলেন ড্যানিশ ফরোয়ার্ড কাসপার হঘ, যিনি ১ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২টি গোল।
নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকেরা। ম্যাচের ২০ মিনিটেই হঘের দারুণ ব্যাকহিল পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন সন্ড্রে ব্রুনস্টাড ফেত। তবে মাত্র ১০ মিনিটের ব্যবধানেই ইন্টার সমতায় ফেরে। কার্লোস অগুস্তোর পাস থেকে তরুণ পিও এসপোসিতো গোল করে ম্যাচে ভারসাম্য আনেন এবং নকআউট পর্বে ইন্টারের হয়ে সর্বকনিষ্ঠ ইতালিয়ান গোলদাতার রেকর্ড গড়েন।
বিরতির পর কিছু সময়ের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ ইন্টারের হাতে চলে যায়। লাউতারো মার্তিনেসের শট পোস্টে লেগে ফিরে আসে এবং গোলরক্ষক নিকিতা হাইকিনকে একাধিকবার পরীক্ষা দিতে হয়। কিন্তু ম্যাচের শেষভাগে আবারও নিজেদের দাপট দেখায় বোদো/গ্লিম্ট। ৬১ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জেন্স পিটার হাউগে গোল করে দলকে এগিয়ে দেন। এর তিন মিনিটের ব্যবধানে ওলে দিদরিক ব্লমবার্গের ক্রস থেকে হঘ নিজেই গোল করে ব্যবধান ৩-১ করেন, যা ইতালির জায়ান্ট ইন্টারের জন্য এক বড় ধাক্কা।
এই মৌসুমে বোদো/গ্লিম্টের দুর্দান্ত পথচলা অব্যাহত রয়েছে। এর আগে গ্রুপ পর্বেও তারা শক্তিশালী ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি এবং স্পেনের আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছিল, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
ম্যাচের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন বোদো/গ্লিম্টের কোচ জেতিল নাতসেন। তার মতে, দল নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি, যদিও অসাধারণ গোলগুলোই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। তবে ইন্টারের জন্য আশা এখনো শেষ হয়ে যায়নি। ফিরতি লেগ তাদের নিজেদের মাঠেই অনুষ্ঠিত হবে, যেখানে ঘুরে দাঁড়ানোর সব রকম প্রস্তুতি নিচ্ছে ইতালীয় ক্লাবটি।
দিনের অন্য ম্যাচে জার্মান ক্লাব লেভারকুজেন গ্রিসের অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে।
রিপোর্টারের নাম 

























