আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে পরাজিত করে ‘এ’ গ্রুপ থেকে শীর্ষস্থান নিশ্চিত করে সুপার এইটে পা রেখেছে ভারত। শিবাম দুবের বিধ্বংসী ব্যাটিংয়ে গড়া ১৯৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যকুমার যাদবের দল ডাচদের আটকে দেয় ১৭৬ রানে। তবে দলের এই দাপুটে জয়ের মাঝেও আলোচনার কেন্দ্রে ছিলেন ওপেনার অভিষেক শর্মা, যিনি টানা তৃতীয় ম্যাচে শূন্য রানে ফিরে এক অনাকাঙ্ক্ষিত ‘শূন্যের হ্যাটট্রিক’ পূর্ণ করেছেন।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন অভিষেক শর্মা। তবে এরপর দলের হাল ধরেন শিবাম দুবে, সূর্যকুমার যাদব ও তিলক বর্মা। বিশেষ করে শিবাম দুবে ছিলেন অপ্রতিরোধ্য। মাত্র ৩১ বলে ৬৬ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন তিনি, যা ছিল একাধিক ছক্কা ও চারের মারে সমৃদ্ধ। সূর্যকুমার ২৮ বলে ৩৪ এবং তিলক ২৭ বলে ৩১ রান করে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত ১৯৩ রানের শক্তিশালী পুঁজি গড়ে।
১৯৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডস শুরু থেকেই ধুঁকতে থাকে। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচরা। তাদের পক্ষে বাস ডি লিডি ৩৩, লায়ন–ক্যাচেট ২৬ এবং নোয়াহ কোরস ২৫ রানের ছোট ছোট ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত নেদারল্যান্ডস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে।
এই জয়ে ভারত গ্রুপ ‘এ’ থেকে সর্বোচ্চ ৮ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইট নিশ্চিত করলো। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আগেই সুপার এইটের টিকিট নিশ্চিত করা ভারত, এই ম্যাচে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার সুযোগ পেল। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিধ্বংসী ইনিংস খেলা শিবাম দুবে।
রিপোর্টারের নাম 

























