পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ব্যবসায়ীদের প্রতি সংযম ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, রমজান মূলত আত্মশুদ্ধির মাস। এই মাসের পবিত্রতা ও মর্মার্থ অনুধাবন করলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার কোনো কারণ নেই। কিন্তু আমাদের সমাজে পবিত্র এই মাসটিকে কেন্দ্র করে অধিক মুনাফা লাভের একটি নেতিবাচক প্রবণতা দেখা যায়। তিনি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, রমজানকে যেন কেবল মুনাফা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যবসায়ীদের সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। দীর্ঘ সংগ্রামের পর একটি বিশেষ সিন্ডিকেটের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশের প্রতিটি খাতে জেঁকে বসা অনাচার ও অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার পুরোপুরি বদ্ধপরিকর।
গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই নতুন যাত্রায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের অদম্য সাহসিকতা ও ত্যাগের ফলেই দেশে আজ সম্মান ও মর্যাদা নিয়ে বেঁচে থাকার পরিবেশ তৈরি হয়েছে। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, এই দেশ আমাদের সবার। এখানে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে।
একটি নিরাপদ, স্বনির্ভর এবং মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি বৈষম্যহীন ও নিরাপদ বাসভূমি গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 




















