জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণভোটের রায়ের আলোকে দ্রুত সংবিধান সংস্কারের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। সংগঠনটির নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি ও তাদের জোট শরিকরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে জনআকাঙ্ক্ষার পরিপন্থী অবস্থান নিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের সিদ্ধান্ত জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের ত্যাগের প্রতি অবমূল্যায়ন।
গতকাল সন্ধ্যায় রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক নির্বাহী বৈঠকে এসব কথা বলা হয়। আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঞ্চালনায় সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন পরবর্তী অবস্থা পর্যালোচনা করা হয়।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার মাধ্যমে সংবিধান পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তাই কোনো প্রকার টালবাহানা না করে দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে তারা বলেন, হাজারো মানুষের আত্মত্যাগ ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের চেতনাকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।
নির্বাচনী অনিয়ম প্রসঙ্গে খেলাফত মজলিস অভিযোগ করেছে, সদ্য সমাপ্ত নির্বাচনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক কারচুপি হয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জ-০৫ ও খুলনা-০৪ আসনসহ যেসব স্থানে অনিয়মের অভিযোগ উঠেছে, সেখানে পুনরায় ভোট গণনার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রমাণাদিসহ উচ্চ আদালতে রিট করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। তারা আশা প্রকাশ করেন, আদালত সঠিক বিচার নিশ্চিত করবেন।
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন ঘটাতে হবে। এছাড়া রমজানের পবিত্রতা রক্ষায় সব ধরনের অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধের আহ্বান জানান নেতৃবৃন্দ। বৈঠকে নির্বাচনের সার্বিক দিক পর্যালোচনার জন্য একটি ‘জাতীয় নির্বাচন পর্যালোচনা কমিটি’ গঠন করা হয়।
সভায় খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























