দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নিজের অধীনে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব রেখেছেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টনের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকারি কার্যবিধি বা ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছেন। এর মধ্যে তিনি নিজের হাতে রেখেছেন— মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ। সরকারের অন্য সব মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে মন্ত্রিসভার বাকি সদস্যদের মধ্যে।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নতুন এই সরকারে প্রধানমন্ত্রীর পাশাপাশি ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন উপমন্ত্রী নিযুক্ত হয়েছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও উপমন্ত্রীদের দপ্তর বণ্টন করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার নতুন যাত্রায় কার হাতে কোন মন্ত্রণালয় থাকছে, তার পূর্ণাঙ্গ চিত্র সামনে এলো।
রিপোর্টারের নাম 
























