অন্তর্বর্তী সরকারের শেষ সময় ঘনিয়ে আসছে। দুইদিন পর আগামী ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠান। এরপর বিদায় নেবে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে দায়িত্ব শেষ হবে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যদেরও। দায়িত্ব শেষে বিদায় নিয়ে তারা তাদের পেশা সাংবাদিকতায় ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রেস উইংয়ের সদস্যরা।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘‘আমি জার্নালিজমে ফিরবো। আর ওনারা দুইজন কী করবেন, তা ওনারাই বলেন।’’
সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, ‘‘আমার ইচ্ছা আমি জার্নালিজমে ফিরবো। আগামী ১৭ তারিখ শপথ গ্রহণ শেষে আমাদের দায়িত্ব শেষ হবে। তারপর আমি চাকরির জন্য ওপেন হবো। আপনারা আমার জন্য দেখতে পারেন।’’
সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বলেন, ‘‘আমি তো সাংবাদিকতা করতাম আগে। আর আমার পড়াশুনা করতে যাওয়ার ইচ্ছা দেশের বাইরে। তো আমি একটা ব্রেক নেবো। তারপর ঠিক করবো যে, কিছুদিন সাংবাদিকতা করে— তারপর বিদেশ যাবো নাকি কী করবো। আমি চাই না আর কী এখন। আমি জাস্ট সিদ্ধান্তহীনতায় আছি এখন।’’
রিপোর্টারের নাম 



















