দীর্ঘ প্রায় ১৭ বছরের আওয়ামী দুঃশাসনের পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহসপতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে শেকড় পাবনা ফাউন্ডেশন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সংসদীয় আসন ৬৮ (পাবনা-১) থেকে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, আসন ৬৯ (পাবনা-২) থেকে এ কে এম রেজা হাবিব, আসন ৭০ (পাবনা-৩) থেকে মাওলানা আলী আজগর, আসন ৭১ (পাবনা-৪) থেকে অধ্যাপক আবু তালেব মন্ডল এবং আসন ৭২ (পাবনা-৫) থেকে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জনসাধারণের সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছেন।
বিবৃতিতে ফাউন্ডেশনটি উল্লেখ করে, দীর্ঘ সময় পর গণতান্ত্রিক পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নতুনভাবে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের মৌলিক নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং নিজ নিজ নির্বাচনি এলাকার সার্বিক উন্নয়নে প্রতিশ্রুত ভূমিকা আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করবেন— এমন আশা প্রকাশ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, পাবনার দীর্ঘদিনের অবহেলিত অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সমস্যা সমাধান এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত রয়েছে শেকড় পাবনা ফাউন্ডেশন। সংগঠনটি এলাকার উন্নয়নে সব ধরনের গঠনমূলক উদ্যোগে সক্রিয় সহযোগিতার অঙ্গীকারও ব্যক্ত করেছে।
রিপোর্টারের নাম 



















