জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে গঠিত জামায়াতে ইসলামীসহ ১১ দলের ঐক্য অটুট থাকবে এবং জাতীয় সংসদে ও মাঠ পর্যায়ে সম্মিলিতভাবে নিজেদের ভূমিকা পালন করবে। শনিবার অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এই তথ্য জানান।
তিনি বলেন, “আমরা একযোগে নির্বাচনে অংশ নিয়েছি এবং এখন সংসদেও সম্মিলিতভাবে আমাদের প্রতিনিধিত্ব বজায় রাখব। একই সাথে, দেশ ও জাতির স্বার্থ রক্ষায় সংসদের বাইরেও আমরা যৌথভাবে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করব।”
হামিদুর রহমান আযাদ আরও জানান যে, গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক কারচুপির যে তথ্য-প্রমাণ তাদের হাতে রয়েছে, তা নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হবে।
ভোট গণনার পরদিন রাতেই তড়িঘড়ি করে নির্বাচিতদের গেজেট প্রকাশের ফলে অনেক প্রার্থী তাদের অভিযোগ জানানোর সুযোগ পাননি বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে রবিবার নির্বাচন কমিশনে একটি অভিযোগ দাখিল করা হবে বলেও তিনি জানান।
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় দ্রুততার সাথে সংসদের উচ্চকক্ষ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে কোনো প্রকার টালবাহানা বা অস্পষ্টতার সুযোগ দেওয়া উচিত নয় এবং এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক।”
সংবাদ সম্মেলনে নির্বাচন-পরবর্তী দেশজুড়ে ঘটে যাওয়া সহিংসতার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়। এ বিষয়ে একটি কর্মসূচী গ্রহণ করা হয়েছে এবং শীর্ষ নেতাদের অনুমোদনের পর তা জনসমক্ষে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
জামায়াত আমির এবং এনসিপি আহ্বায়কের বাসায় তারেক রহমানের সফর সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে হামিদুর রহমান আযাদ বলেন, “এটি অবশ্যই একটি নতুন মাত্রা যোগ করেছে। তবে, আমরা বরাবরই আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী ছিলাম এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও প্রধান উপদেষ্টার আহবানে বিভিন্ন দল একসঙ্গে বসেছি।”
মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমীন, বাংলাদেশ খেলাফত মজলিসের তোফাজ্জল হোসাইন মিয়াজী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ ১১ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























