কুষ্টিয়ার দৌলতপুরে এক জামায়াত নেতার বসতবাড়ির রান্নাঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকায় এই ঘটনা ঘটে। তবে সময়মতো টের পাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পরিবারটি।
ভুক্তভোগী জাহিদ হাসান রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে দুই দুর্বৃত্ত জাহিদ হাসানের বাড়ির পেছনের দিক দিয়ে প্রবেশ করে রান্নাঘরে রাখা জ্বালানি কাঠে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত চিৎকার শুরু করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ির লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার বর্ণনা দিয়ে জামায়াত নেতা জাহিদ হাসান বলেন, “বিকেলে হঠাৎ রান্নাঘরের জ্বালানি কাঠে আগুন জ্বলতে দেখা যায়। বেড়ার ফাঁক দিয়ে আমি দুজনের পা দেখতে পেলেও তাদের মুখ চেনা সম্ভব হয়নি।” তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তাকে ভয় দেখানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হতে পারে। তার বাড়ির সামনের অংশে সিসিটিভি ক্যামেরা থাকলেও পেছনের দিকে কোনো ক্যামেরা না থাকায় অপরাধীদের শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনাটি মুঠোফোনের মাধ্যমে পুলিশকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























