আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই শুরু হবে দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। এর আগে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সকল ভোটকেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জামাদি। দুর্গম এলাকাগুলো সহ প্রতিটি কেন্দ্রে মালামাল পৌঁছানোর মধ্য দিয়ে ভোট উৎসবের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এই আসনে মূলত ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. নাছির চৌধুরী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ শিশির মনির এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকন। ভোটারদের আলোচনার কেন্দ্রে রয়েছেন সাবেক সংসদ সদস্য নাছির চৌধুরী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৫২ জন। এর মধ্যে দিরাই উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ৬১২ জন এবং শাল্লা উপজেলায় ১ লাখ ৫১ হাজার ৩৯৯ জন ভোটার রয়েছেন। এই আসনে মোট ১১১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে; দিরাইয়ে ৭৪টি এবং শাল্লায় ৩৭টি।
নির্বাচনী মালামাল সকল কেন্দ্রে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্জিত সরকার। তিনি জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই আসনে ভোট উৎসবের আমেজ বিরাজ করছে এবং এখন পর্যন্ত কোনো প্রকার সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 






















