পাবনা-৩ নির্বাচনী এলাকায় প্রচারণার নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর গণসংযোগ চালানোর দায়ে বরাত হোসেন (২২) নামে এক জামায়াত কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চাটমোহর উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত যুবক ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকার কথা ছিল। তবে এই নিষেধাজ্ঞা অমান্য করে সকাল ১০টার দিকে নিজ গ্রামে জামায়াত সমর্থিত প্রার্থীর ছবি, প্রতীক ও ভোটার নম্বর সংবলিত স্লিপ বিলি করছিলেন বরাত হোসেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পান এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর ৮(খ) ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে ২৭(ক) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 




















