আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেটে কেবল ভোটের দিনই দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দুই দিন দোকান বন্ধ থাকার বিষয়ে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহমান রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচনের দিন সিলেটে সব ধরনের দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর বাইরে অতিরিক্ত কোনো সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো নির্দেশনা নেই।
ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন বলেন, “একটি অসাধু মহল দুই দিন দোকানপাট বন্ধ থাকবে বলে অপপ্রচার চালাচ্ছে, যা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে অহেতুক বিভ্রান্তি সৃষ্টি করেছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।”
তিনি আরও স্পষ্ট করেন যে, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী অঞ্চলভিত্তিক শাখাগুলো স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে দোকান খোলা বা বন্ধ রাখার বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে। সেই প্রেক্ষিতেই সিলেট জেলা শাখা কেবল নির্বাচনের দিনই দোকানপাট বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। জনমনে বিভ্রান্তি এড়াতে তিনি সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 




















