কক্সবাজারের ঈদগাঁওতে চাঞ্চল্যকর জাফর আলম হত্যা মামলার দীর্ঘ এক যুগ পর চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (৯ ফেব্রুয়ারি) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
একই মামলায় মনজুরুল ইসলাম (৪৪) নামে এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে, ফরিদুল হক সোনা মিয়া (৪১) নামে অন্য আরেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ডসহ দেড় বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মৃত এজহার মিয়ার পুত্র নুরুল ইসলাম (৮০), আলী হোসেনের পুত্র সিরাজুল ইসলাম (৪৫), সেলিম উল্লাহ (৪৮) এবং নুরুল ইসলামের পুত্র আশরাফুজ্জামান (৪৫)। উল্লেখ্য, এই মামলার ৫ নম্বর আসামি আব্দুল জলিল এবং ১০ নম্বর আসামি আলী হোসেন পূর্বেই মৃত্যুবরণ করেছেন।
ঘটনার সূত্রপাত ঘটে ২০১০ সালের ২৬ ডিসেম্বর। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাপিতখালী বাঁশকাটা এলাকার গোল্ডেন ফার্মের পূর্বপাশে জায়গা বিরোধের জের ধরে নিহত জাফর আলমের নিকটাত্মীয়রাই ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর আহত করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। এই রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুর রশীদ এবং নিহতের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।
রিপোর্টারের নাম 
























