পিরোজপুর: ১৭ বছর পর নতুন একটি বাংলাদেশ পাওয়ার কথা উল্লেখ করে জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হতে পারে। সোমবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মিনি স্টেডিয়ামে জামায়াত জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও সেই স্বপ্ন পূরণ হয়নি। জনগণ বারবার বিভিন্ন দলকে ভোট দিলেও কাঙ্ক্ষিত দেশ পায়নি। তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন না ঘটিয়ে নিজেদের কপালের ও পকেটের উন্নয়ন ঘটিয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন দল পাঁচ বছর, দশ বছর, এমনকি পনেরো বছর ধরে একাধারে ক্ষমতায় থেকে উন্নয়নের গল্প শুনিয়েছে। তবে এসব গল্প বাস্তবে রূপ নেয়নি; বরং জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে তারা কোনো কাজই করেনি।
এ সময় মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে তাঁর পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার অঙ্গীকার করেন। তিনি বলেন, আল্লাহ যদি তাঁকে জনগণের খাদেম হিসেবে কবুল করেন, তবে তাঁর পিতা যেমন উন্নয়নমূলক কাজের কথা বই আকারে জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন, তিনিও তেমনি করবেন।
নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 





















