মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন তার মেঝ ছেলে রাশীদ সামিউল ইসলাম। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মুন্নু গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে তিনি সদর উপজেলার জয়নগর এলাকা থেকে শুরু করে আশপাশের বিভিন্ন সড়ক, বাজার ও আবাসিক এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে রাশীদ সামিউল ইসলাম সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তার মা আফরোজা খানম রিতাকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, মানিকগঞ্জ-৩ আসনের জনগণ এখন পরিবর্তন চাইছে। আমার মা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেত্রী। এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনতে তাকে বিজয়ী করা অত্যন্ত জরুরি।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাশীদ সামিউল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন। গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেক ভোটার ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীকে ভোট দেওয়ার আশ্বাস দেন।
গণসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন সত্তার মেটালের স্বত্বাধিকারী ও বিশিষ্ট শিল্পপতি সত্তার খান, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চীফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, মুন্নু ফেব্রিক্সের কর্মকর্তা মো. বাবুল খান, খলিলুর রহমান ও বাবুল হোসেন, নবগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রশিদ মেম্বার এবং জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রিপোর্টারের নাম 





















