ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শিগগিরই দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। একইসঙ্গে তিনি দৃঢ়ভাবে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তেহরানের অবিচ্ছেদ্য অধিকার এবং এই অবস্থান থেকে তারা কোনোভাবেই সরে আসবে না। তবে এই প্রক্রিয়ায় পারস্পরিক আস্থা তৈরিতে যথেষ্ট সময় লাগবে বলেও তিনি মন্তব্য করেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
আরাগচি তার বক্তব্যে স্পষ্ট করেন, “পারমাণবিক সমৃদ্ধকরণ আমাদের অবিচ্ছেদ্য অধিকার এবং এটি অব্যাহত থাকবে। বোমা হামলা করেও তারা আমাদের সক্ষমতা ধ্বংস করতে পারবে না।” তিনি আরও যোগ করেন, ইরান তার পারমাণবিক সক্ষমতা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করছে এবং আন্তর্জাতিক নিয়ম মেনেই এই কার্যক্রম চালিয়ে যাবে।
ইরানের এই শীর্ষ কূটনীতিক উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রক্রিয়া জটিল এবং আস্থা স্থাপনের জন্য উভয় পক্ষকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হবে। তিনি জোর দেন যে, তেহরান সব আন্তর্জাতিক চুক্তি ও প্রতিশ্রুতি মেনে চলবে, তবে নিজেদের সার্বভৌম অধিকার রক্ষায় কোনো আপস করবে না।
রিপোর্টারের নাম 
























