পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যম কর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর অতর্কিত হামলা, হুমকি এবং কাজে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’। সংগঠনটি সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এমন উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিত আক্রমণকে দেশের স্বাধীন গণমাধ্যমের জন্য এক মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করেছে।
সংগঠনের সভাপতি মো. হাসান শরীফ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল শনিবার এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে একটি আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহের জন্য নিয়োজিত সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য অতর্কিত হামলা চালায়। এই হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন এবং তাদের পেশাগত কাজে ব্যবহৃত সরঞ্জামও ভাঙচুর করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে বলেন, দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বাধা দেওয়া, হেনস্তা করা এবং তাদের ওপর হামলা চালানো গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। যারা সাধারণ মানুষ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়োজিত, তাদের কাছ থেকে এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ এই ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং হামলায় জড়িত সদস্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে, সংগঠনটি সরকারের কাছে আসন্ন নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং দেশের গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রিপোর্টারের নাম 























