মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে নিয়ে নতুন এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একটি গোপন নথিতে দাবি করা হয়েছে, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের তত্ত্বাবধানে এপস্টেইনকে একজন গুপ্তচর হিসেবে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
সম্প্রতি প্রকাশিত ‘এপস্টেইন ফাইল’-এর অন্তর্ভুক্ত ২০২০ সালের একটি নথিতে এই চাঞ্চল্যকর অভিযোগের বিস্তারিত পাওয়া গেছে। প্রতিবেদনটি এফবিআইয়ের ‘কনফিডেনশিয়াল হিউম্যান সোর্স’ (সিএইচএস) বা গোপনীয় মানব উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
নথি অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ায় দেশি ও বিদেশি শক্তির অনাকাঙ্ক্ষিত প্রভাব নিয়ে তদন্ত চালানোর সময় এই তথ্যটি গোয়েন্দাদের নজরে আসে। সংশ্লিষ্ট সূত্রটি জানায়, জেফ্রি এপস্টেইনকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার উপযোগী করে গড়ে তুলতে সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক সরাসরি সম্পৃক্ত ছিলেন। গোয়েন্দা তথ্যের এই সূত্রটি মার্কিন প্রশাসনের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য এবং গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
ইসরায়েলের উচ্চপদস্থ রাজনৈতিক নেতৃত্বের সাথে এপস্টেইনের ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘকাল ধরে নানা গুঞ্জন থাকলেও, এফবিআইয়ের এই দাপ্তরিক নথি সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। নথিতে দাবি করা হয়েছে, এপস্টেইনকে কেবল একজন ব্যবসায়ী হিসেবে নয়, বরং নির্দিষ্ট গোয়েন্দা লক্ষ্য অর্জনে একজন প্রশিক্ষিত এজেন্ট হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল। আন্তর্জাতিক রাজনীতি ও গোয়েন্দা মহলে এই নতুন তথ্যটি বর্তমানে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 
























